বিজ্ঞাপন
৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে করছেন আমির খান, পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
বিজ্ঞাপন
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ ৬১ বছর বয়সী আমির খান কি এবার তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন? বলিপাড়াজুড়ে এখন এমনই গুঞ্জন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী জুলাই মাসেই বিয়ে করতে পারেন এই অভিনেতা।
খবরে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে চার হাত এক হতে পারে আমির ও গৌরীর। জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, বরং সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক নতুন নয়। গতবছর মার্চে নিজের ৬০তম জন্মদিন উদযাপনের সময় প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন অভিনেতা। তখন তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে আরও চমকপ্রদ তথ্য ছিল—দুজন একে অপরকে চেনেন প্রায় ২৫ বছর ধরে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে একসঙ্গেই বসবাস করছেন আমির ও গৌরী। ফলে সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
একটি সূত্রের দাবি, এক বছরেরও বেশি সময় ধরে সুখী দম্পতির মতো জীবনযাপন করছেন দুজন। নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে সেই সম্পর্ক উদযাপন করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে নিজের অনুভূতির কথাও প্রকাশ করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলে মনে করেন।
অভিনেতার মতে, গৌরীর সঙ্গে থাকলে তিনি মানসিক শান্তি খুঁজে পান এবং দীর্ঘদিন পর নিজেকে পূর্ণাঙ্গ মনে হয়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই জানতে চাইছেন, এই বিশেষ দিনে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমিরকে কি একসঙ্গে দেখা যাবে? পাশাপাশি আমিরের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই।
ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন।
তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির এবং ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।
এদিকে বিয়ের গুঞ্জন যতই জোরালো হোক না কেন, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমির খান বা গৌরী স্প্র্যাট। ফলে আগামী ৫ জুলাইকে ঘিরে তৈরি হওয়া জল্পনা শেষ পর্যন্ত সত্যি হয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।