বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে প্রেশার কুকার। বায়োস্কপ ফিল্মসের ৫৪তম পরিবেশনা হিসেবে সিনেমাটি সম্প্রতি নিউইয়র্কে প্রদর্শিত হয়। একই আয়োজনে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয় ফরিদুর রেজা সাগরকে।
গত ১৫ মে নিউইয়র্কের কিউ গার্ডেনস সিনেমায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। সেখানে বায়োস্কপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশিদ সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগরের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা রয়হান রাফী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা চঞ্চল চৌধুরী এবং শহীদুল আলম সাচ্চুসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।
অনুষ্ঠানে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ উল্লেখ করেন, তাদের প্রদর্শিত ৫৪টি চলচ্চিত্রের অধিকাংশের সঙ্গেই কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন ফরিদুর রেজা সাগর। বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় তার অবদান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সম্মাননা গ্রহণ করে ফরিদুর রেজা সাগর তুলে ধরেন, বাংলা চলচ্চিত্রকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে কাজ করছে বায়োস্কপ ফিল্মস। এই উদ্যোগ সহজ নয়, বরং অনেক চ্যালেঞ্জপূর্ণ। এমন একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা পাওয়া তার জন্য গর্বের ও আনন্দের।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বায়োস্কপ ফিল্মস।