বিজ্ঞাপন
বালি ঢুকে ফুসফুস ফুলে দ্বিগুণ জলেই রাহুলের মৃত্যু?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম
বিজ্ঞাপন
সোমবার তমলুক হাসপাতালে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক রিপোর্টে সরাসরি জানানো হয় জলে ডুবেই এই অভিনেতার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় জলের নিচে ডুবে থাকায় তার ফুসফুসে অতিরিক্ত বালি ও জল জমে যায় এবং ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। তবে মৃত্যুর সময় তার শরীরে কোনো অ্যালকোহল ছিল কি না তা এখনো নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা এবং এর জন্য ভিসেরা পরীক্ষাও করা হবে বলে জানান তারা।
হাসপাতাল সূত্রের বরাতে জানা যায় খুব অল্প সময়ে জলে ডুবে থাকলে ফুসফুসে এতটা জল ও বালি জমা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। চিকিৎসকরা সরাসরি ধারণা করছেন সম্ভবত ঘণ্টাখানেক জলের নিচে ডুবে ছিলেন এই অভিনেতা। খাদ্যনালির ভেতরেও প্রচুর বালি ও নোনা জল ঢুকে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা।
ময়নাতদন্তের পর কলকাতার উদ্দেশে রওনা হয়েছে রাহুলের শববাহী গাড়ি। শেষযাত্রায় তার সঙ্গে রয়েছেন রাহুলের গাড়িচালক এবং ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজারসহ বেশ কয়েকজন। তমলুক থেকে সরাসরি রাহুলের বিজয়গড়ের বাড়িতেই তার মৃতদেহ নিয়ে আসা হবে এবং এরপর কেওড়াতলা শ্মশানে এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
বিজ্ঞাপন