বিজ্ঞাপন
আইইএলটিএসে ৯ এ ৯ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাইসা শাম্মা, জেনে নিন তার পরামর্শ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
বিজ্ঞাপন
আইইএলটিএসে সর্বোচ্চ ৯ ব্যান্ড অর্জন করেছেন রাইসা শাম্মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে পড়াশোনা শেষে বর্তমানে ইউনিভার্সিটি অব টরন্টোর মাস্টার অব ম্যানেজমেন্ট অ্যানালিটিকস প্রোগ্রামে পড়ছেন তিনি। তাঁর ভাষ্য, আইইএলটিএস পরীক্ষার আগে দীর্ঘ সময় ধরে আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি। তবে ছোটবেলা থেকে ইংরেজি ভাষার সঙ্গে নিয়মিত যোগাযোগ, বই পড়া, ইংরেজি কনটেন্ট দেখা এবং ভাষা শেখার অভ্যাসই পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেতে সবচেয়ে বেশি কাজে এসেছে।
আইইএলটিএসের চারটি অংশ হলো লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং। রাইসার মতে, পরীক্ষার কৌশল জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কেবল শেষ মুহূর্তের প্রস্তুতি দিয়ে ভাষায় শক্ত ভিত্তি তৈরি করা কঠিন। তাঁর নিজের অভিজ্ঞতায়, দীর্ঘদিনের চর্চার ফলে ইংরেজি শোনা, পড়া, লেখা ও বলার দক্ষতা ধীরে ধীরে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে।
লিসেনিংয়ের ক্ষেত্রে ছোটবেলা থেকেই ইংরেজি অনুষ্ঠান, খবর, সিনেমা ও বিভিন্ন ধরনের কনটেন্ট শোনার অভ্যাস ছিল রাইসার। শুরুতে সবকিছু বুঝতে না পারলেও নিয়মিত শোনার মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন শব্দ, উচ্চারণ ও বাক্যের ধরন বুঝতে শেখেন। বিভিন্ন দেশের মানুষের উচ্চারণ বুঝতে শুরুতে কিছুটা সমস্যা হলেও প্রথমে সাবটাইটেল ব্যবহার করে এবং পরে সাবটাইটেল ছাড়া কনটেন্ট দেখার চেষ্টা করেছেন তিনি।
রাইসার পরামর্শ, যারা ইংরেজি শেখা শুরু করছেন তারা সহজ কনটেন্ট দিয়ে শুরু করতে পারেন। অ্যানিমেটেড সিনেমা, সহজ গল্প, পডকাস্ট বা সংবাদ শোনা যেতে পারে। শুরুতেই প্রতিটি শব্দ বুঝতে না পারলেও হতাশ হওয়ার কারণ নেই। নিয়মিত শোনার অভ্যাস তৈরি হলে ধীরে ধীরে ভাষার সঙ্গে কান পরিচিত হয়ে ওঠে।
তবে আইইএলটিএসের লিসেনিং অংশে শুধু ইংরেজি বুঝতে পারলেই হবে না, পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। নাম, ঠিকানা, ফোন নম্বর বা নির্দিষ্ট তথ্য শোনার ক্ষেত্রে সামান্য অসাবধানতায় ভুল হতে পারে। তাই মক টেস্ট দিয়ে প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনার সঙ্গে আগে থেকেই পরিচিত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রিডিংয়ের ক্ষেত্রে রাইসার সবচেয়ে বড় সহায় ছিল দীর্ঘদিনের বই পড়ার অভ্যাস। ছোটবেলা থেকেই বাংলা ও ইংরেজি দুই ভাষার বই পড়েছেন তিনি। সহজ বই দিয়ে শুরু করে ধীরে ধীরে কঠিন বই পড়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, ভোকাবুলারি বাড়ানোর জন্য শুধু শব্দের অর্থ মুখস্থ করার চেয়ে বাস্তব বাক্যে শব্দটির ব্যবহার বোঝা বেশি কার্যকর।
একটি শব্দ কোনো বাক্য বা গল্পের মধ্যে কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটি বুঝে পড়লে শব্দটি মনে রাখা সহজ হয়। তাই আইইএলটিএসের আগে একসঙ্গে বিপুলসংখ্যক শব্দ মুখস্থ করার পরিবর্তে দীর্ঘদিন ধরে ইংরেজি পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাইসা।
রিডিং পরীক্ষায় তাঁর কৌশল ছিল প্রথমে পুরো লেখাটির মূল বিষয় বোঝার চেষ্টা করা। এরপর গুরুত্বপূর্ণ শব্দ, নাম, সংখ্যা ও নির্দিষ্ট তথ্যের দিকে নজর দেওয়া। একই লেখা বারবার পুরোপুরি পড়ার পরিবর্তে প্রথমে সামগ্রিক ধারণা তৈরি করে পরে প্রশ্ন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করলে সময় বাঁচানো সম্ভব বলে মনে করেন তিনি।
রাইটিং অংশকে অনেক পরীক্ষার্থী কঠিন মনে করেন। রাইসার মতে, এখানে শুধু ইংরেজি জানা যথেষ্ট নয়, নিজের চিন্তাকে পরিষ্কার ও যুক্তিসংগতভাবে সাজিয়ে উপস্থাপন করার দক্ষতাও প্রয়োজন। ছোটবেলা থেকে কোনো কিছু পড়ে তার সারাংশ লেখা, নতুন শব্দ লিখে রাখা এবং নিজের চিন্তা লিখে রাখার অভ্যাস তাঁর রাইটিং দক্ষতা তৈরিতে সাহায্য করেছে।
রাইটিং ভালো করার জন্য গ্রামারের ভিত্তি পরিষ্কার থাকা জরুরি বলে মনে করেন রাইসা। বিশেষ করে বাক্যের গঠন, টেন্স এবং কর্তা ও ক্রিয়ার সামঞ্জস্যের মতো মৌলিক বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন। তাঁর মতে, কঠিন শব্দ ব্যবহার করলেই ভালো লেখা হয় না। বরং সহজ ও পরিষ্কার ভাষায় যুক্তিগুলো সঠিকভাবে সাজিয়ে উপস্থাপন করাই বেশি গুরুত্বপূর্ণ।
আইইএলটিএস রাইটিংয়ে জটিল বাক্য গঠনের দক্ষতাও প্রয়োজন। একই ভাবকে কয়েকটি ছোট বাক্যে আলাদা করে না লিখে প্রয়োজন অনুযায়ী কীভাবে সেগুলোকে সুন্দরভাবে একসঙ্গে প্রকাশ করা যায়, সেটি অনুশীলন করা দরকার। আবার কোনো গ্রাফ বা চার্ট দেওয়া হলে শুধু সংখ্যাগুলো উল্লেখ না করে তথ্যের পরিবর্তন ও প্রবণতাগুলো বিশ্লেষণ করে তুলে ধরতে হয়।
স্পিকিংয়ের ক্ষেত্রে রাইসার সবচেয়ে বড় পরামর্শ হলো ভয় কাটিয়ে নিয়মিত কথা বলা। অনেকেই ইংরেজি বুঝতে ও লিখতে পারলেও কথা বলার সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এই সমস্যা কাটাতে ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছেন তিনি। আশপাশের ভালো ইংরেজি বক্তাদের কথা শুনে তাদের বাক্য গঠন ও উচ্চারণও লক্ষ্য করতেন।
বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলা এবং নিজের চিন্তা ইংরেজিতে প্রকাশ করার অভ্যাস স্পিকিং দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন রাইসা। তাঁর মতে, আইইএলটিএস স্পিকিংয়ে মুখস্থ উত্তর দিয়ে ভালো করা কঠিন। কারণ পরীক্ষায় প্রার্থীকে নিজের অভিজ্ঞতা, পছন্দ, মতামত ও চিন্তা স্বাভাবিকভাবে প্রকাশ করতে হয়।
কোথায় থাকেন, কী ধরনের বই পড়েন, কী পছন্দ করেন বা কী ধরনের কনটেন্ট দেখেন, এমন সাধারণ বিষয় পরীক্ষায় আসতে পারে। এসব প্রশ্নের উত্তর মুখস্থ না করে নিজের জীবন থেকে উদাহরণ দিয়ে স্বাভাবিকভাবে বলার অভ্যাস করার পরামর্শ দিয়েছেন তিনি।
রাইসা শাম্মার মতে, একজন ভালো বক্তা হওয়ার জন্য শুধু ইংরেজি শেখাই যথেষ্ট নয়। ভালো শ্রোতা হওয়া, বিভিন্ন বিষয়ে জানাশোনা রাখা এবং নিজের চিন্তা পরিষ্কারভাবে প্রকাশ করার অভ্যাসও জরুরি। তাঁর আইইএলটিএস প্রস্তুতির অভিজ্ঞতার মূল শিক্ষা হলো, কোনো দক্ষতাই রাতারাতি তৈরি হয় না। ছোট ছোট অভ্যাস, নিয়মিত চর্চা এবং শেখার আগ্রহ দীর্ঘমেয়াদে বড় ফল এনে দিতে পারে।
রাইসা শাম্মা বর্তমানে ইউনিভার্সিটি অব টরন্টোর মাস্টার অব ম্যানেজমেন্ট অ্যানালিটিকস প্রোগ্রামের শিক্ষার্থী। আইইএলটিএসে তাঁর ৯ ব্যান্ড অর্জনের অভিজ্ঞতা উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার দীর্ঘমেয়াদি অভ্যাসের গুরুত্বও তুলে ধরে।