Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড পড়াশোনার সুযোগ

আবেদন করবেন যেভাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড পড়াশোনার সুযোগ

বিজ্ঞাপন

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) কর্মসূচির বসন্ত ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে একটি পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। শাসনব্যবস্থা, ব্যবসা ও উদ্ভাবনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ইয়েস কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন দেশের তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া তৈরি করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে বিনিময়ের সুযোগ পান।

মেধার ভিত্তিতে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে কর্মসূচিটি চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষা ও সম্পদ নেটওয়ার্ক বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা। আবেদনসংক্রান্ত তথ্য জানতে [email protected] অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার