Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

ছুটির দিনেও বিদ্যালয়ে শিক্ষক, ‘নামেমাত্র ছুটি’ নিয়ে ক্ষোভ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

ছুটির দিনেও বিদ্যালয়ে শিক্ষক, ‘নামেমাত্র ছুটি’ নিয়ে ক্ষোভ

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। এ উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠানে সরকারি ছুটি। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ছুটি। তবুও শিক্ষকদের এদিনে বিদ্যালয়ে যেতে হয়। অন্যদিন বিদ্যালয়ে গিয়ে ক্লাস-পরীক্ষার কাজে যতটা সময় দিতে হয়, তার চেয়েও এদিন বরং বেশি পরিশ্রম করতে হয়েছে তাদের।

দিবসটি উদযাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়গুলোতে করতে হয়েছে নানা আয়োজন। অথচ খাতা-কলমে এদিন ছিল শিক্ষকদের ছুটি! অর্থাৎ, কর্মস্থলে দিনভর দায়িত্ব পালন করেই কেটেছে ছুটির দিন। জাতীয়-আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এমন অসংখ্য ছুটি বছরের ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ছুটি হলেও এসব দিনে হাজিরা খাতায় সই করা বাধ্যতামূলক। এ নিয়ে আপত্তি জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, শুধু ঈদে মিলাদুন্নবী নয়, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি ও শ্রী শ্রী সরস্বতী পূজাসহ বিভিন্ন দিবসে নামেমাত্র ছুটি থাকে। ছুটি ঘোষণা করা হলেও এসব দিনে অন্যান্য দিনের তুলনায় শিক্ষকদের বেশি ব্যস্ততা ও পরিশ্রম করতে হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নির্ধারিত হয়। তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৭ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে তিনদিন প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি। বাকি ৬৪ দিনের মধ্যে বিভিন্ন দিবস ও অনুষ্ঠান রয়েছে, যেগুলোতে ছুটি থাকলেও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে হয়।

শিক্ষকরা জানান, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি থাকে। কিন্তু সেদিন বিদ্যালয়ে যেতে হয়। আগের দিন থেকে প্রভাত ফেরি, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি নিতে হয়। ফলে এসব দিনকে শিক্ষকদের জন্য ছুটি হিসেবে গণ্য করা বাস্তবসম্মত নয়।

একইভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, শ্রী শ্রী সরস্বতী পূজাতেও নানান আয়োজনে শিক্ষকদের দিনরাত পরিশ্রম করতে হয়। অথচ দিনগুলোতে সরকারি ছুটি। খাতা-কলমে শিক্ষকদেরও ছুটি। কিন্তু ছুটির দিনেই এমন অসংখ্য কাজ মন্ত্রণালয় থেকে চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রাথমিক শিক্ষকদের।

ছুটির নামে শিক্ষকদের সঙ্গে প্রতারণা!

বাৎসরিক ছুটির তালিকায় বিভিন্ন দিবস ও তাৎপর্যপূর্ণ দিন ঘিরে যে ছুটি দেখানো হয়, তা প্রতারণার শামিল বলে অভিযোগ তুলেছেন বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপী নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‌‌‘আজ কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় সই করলাম। কর্তৃপক্ষ নির্দেশিত কর্মসূচি পালন করলাম, তবুও নাকি আমরা ছুটিতে আছি! বাংলাদেশে অন্য কোনো পেশায় এমন ছুটির নজির নেই।’

তিনি বলেন, ‘ছুটির তালিকা অনুযায়ী এ বছরে ছুটি ৬৭ দিন। এ ছুটির মধ্যে প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি তিনদিন, যা সাধারণত কোনো দিনও পাওয়া যায় না। কারণ উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি সাপেক্ষে সংরক্ষিত ছুটি দিতে হয়, যা অসম্ভব। যদিও নামে প্রতিষ্ঠানপ্রাধানের সংরক্ষিত ছুটি। পাশাপাশি শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, বিজয় দিবস, গণঅভ্যুত্থান দিবস ছাড়াও মাঝে মাঝে বিভিন্ন দিবস উপলক্ষে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষ নির্দেশিত কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। আমরা এমন প্রতারণামূলক ছুটি চাই না।’

রাজবাড়ী সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হুদা। তিনি জাগো নিউজকে বলেন, দিবস পালনে আমাদের আপত্তি নেই। যদি দিবসগুলোতে ছুটির দিনে কার্যক্রম করলে আমাদের বিশেষ প্রণোদনা দেওয়া হতো, তাহলে সেটা ন্যায্য হতো। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির দিনে বিশেষ ডিউটি করানো হয়। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে শুধুই বঞ্চনা।

তিনি বলেন, আমরা অবকাশকালীন চাকরি করি। এ কারণে সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত। অথচ একটি পক্ষ সবসময় প্রাথমিকের শিক্ষক বা অন্য যে কোনো বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে না জেনে, না বুঝে বাজে মন্তব্য করেন। সরকারের উচিত এসব বিষয় সুরাহা করা।

জাতীয় দিবস পালন দেশপ্রেমের অংশ, আপত্তি থাকা উচিত নয়

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজ শাহীন ফেরদৌসী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন করতেই হবে। এটাতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকা উচিত। সরকারের এমন নির্দেশনা আমরা প্রতিষ্ঠানগুলোকে জানাই। এক্ষেত্রে আপত্তি থাকা উচিত নয় বলে মনে করি। জাতীয় দিবসগুলোর আয়োজনে অংশ নিতে পারা ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা দেশপ্রেমের অংশ।’

ছুটি সংক্রান্ত নির্দেশনার আওতায় দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এতে কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ৬২৪ জন। আর শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ছয় লাখ ২০ হাজার ৬৬ জন।

তবে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৬০৭টি। মোট শিক্ষক সাত লাখ সাত হাজার ২১৬ জন এবং শিক্ষার্থী দুই কোটি এক লাখ ৮৫ হাজার ১৫২ জন। ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ ছুটি সংক্রান্ত নির্দেশনার আওতায় শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে প্রায় দুই কোটি ১০ লাখ মানুষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার