Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন চাঁদপুরের ফরিদুল ইসলাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন চাঁদপুরের ফরিদুল ইসলাম

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কর্মরত কম্পিউটার অপারেটর মো. ফরিদুল ইসলাম।  বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এর আগে, গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জাতীয় বাছাই কমিটির সদস্য সচিব জনাব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ফলাফলে ফরিদুল ইসলামকে এই অনন্য স্বীকৃতি দেওয়া হয়।

ফরিদুল ইসলামের এই জাতীয় অর্জনের পাশাপাশি তার পরিবারে যুক্ত হয়েছে দ্বিগুণ আনন্দ। তার স্ত্রী জনাব মোসা. কামরুননাহার (মুক্তা)-ও চলতি বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মো. ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম (কাপাইকাপ মাদ্রাসার অবসরপ্রাপ্ত অফিস সহকারী) এবং মাতা জনাব ফাতেমা বেগম।

শিক্ষাজীবনে তিনি ২০০১ ও ২০০৩ সালে স্থানীয় কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদ্রাসা হতে যথাক্রমে দাখিল ও আলিম পাস করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে ২০০৮ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে ফরিদুল-কামরুননাহার দম্পতি এক ছেলে (আদিল ফারহান বিন ফরিদ, দ্বিতীয় শ্রেণি) ও এক মেয়ের (ফাবিহা আকসা বিনতে ফরিদ, প্রাক-প্রাথমিক) জনক-জননী।

২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করা ফরিদুল ইসলাম বর্তমানে ‘Administration for Service to People’ (জনগণের সেবায় প্রশাসন) নীতিকে ধারণ করে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে আসছেন।

কাজের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন তিনি। একই সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশের সেরা এই সরকারি কর্মচারী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার