বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষায় দেশসেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মো. ফরিদুল ইসলাম। তিনি বর্তমানে ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও পদক বাছাই কমিটির সদস্য সচিব জনাব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই গৌরবময় ফলাফল প্রকাশ করা হয়।
বুধবার ( ১৫ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে পদক বিতরণী অনুষ্ঠানে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপন করবেন, যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি মিলে মোট ৫টি করে বৃক্ষ রোপনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন মো. ফরিদুল ইসলাম। কর্মক্ষেত্রে ‘Administration for Service to People’ (জনগণের সেবায় প্রশাসন) নীতিকে ধারণ করে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। কাজের প্রতি এই একনিষ্ঠতাই আজ তাকে জাতীয় পর্যায়ের এই সর্বোচ্চ স্বীকৃতি এনে দিয়েছে।
ফরিদুল ইসলামের এই সাফল্যের পাশাপাশি তার পরিবারে যুক্ত হয়েছে দ্বিগুণ আনন্দ। তার স্ত্রী মোসা. কামরুননাহারও (মুক্তা) এ বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে (আদিল ফারহান) ও এক মেয়ের (ফাবিহা আকসা) জনক-জননী।
ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত অফিস সহকারী) এবং মাতা ফাতেমা বেগম। সাত ভাইয়ের মধ্যে তিনি বড়।
শিক্ষাজীবনে তিনি ২০০১ ও ২০০৩ সালে স্থানীয় কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে ২০০৮ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
কর্মক্ষেত্রে সততার এই সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনেও যেন দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।