Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

প্রাথমিকে নতুন কারিকুলাম চালু কখন, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

প্রাথমিকে নতুন কারিকুলাম চালু কখন, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এই নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে।

রবিবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলনকক্ষে প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমরা আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা ফেল করছে।

শিক্ষাব্যবস্থা আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করিনি। শিক্ষাব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যাবে। শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। প্রথমত আমাদের কারিকুলাম নকশা করতে হবে, যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাব, শেখা এত মুশকিল না।’

তিনি আরো বলেন, ‘এ জন্য আমাদের প্রথমে কারিকুলাম নকশা করতে হবে। যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সব কিছু করে কোনো লাভ নেই। যত দিন না কারিকুলাম ঠিক করতে পারছি, কোনো কিছু করে লাভ নেই।

আমাদের এখন দরকার সঠিকভাবে কারিকুলাম ডিজাইন করে সঠিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শ্রেণিকক্ষে পাঠানো।’

এ সময় প্রাথমিক শিক্ষায় নানা প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভাষা, গণিত, খেলাধুলা ও সংস্কৃতি-এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলামের দিকে যাচ্ছি। এই নতুন কারিকুলাম কেবল ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আগামী দিনগুলোতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের আর্কিটেকচার স্ট্রাকচার হবে বাচ্চাদের শেখার ভিত্তিতে ৷

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহ্‌মদের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার