Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

বিজ্ঞাপন

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশের পরিকল্পনা করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। সিলেবাস তৈরি না হওয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারী সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের বদলি জনিত কারণে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য মোট ১১৬টি বিষয়ের সিলেবাস প্রকাশ করতে হবে। এর মধ্যে ১০৬টি সিলেবাস অনুমোদন হলেও আরও ১০টি সিলেবাস যুক্ত হবে। সিলেবাস পুরোপুরি প্রস্তুত হয়ে প্রকাশ না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ।

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর সদ্য সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিলেও তাকে বদলি করা হয়েছে। এ পদে নতুন চেয়ারম্যান যোগদানের পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। এটি করতে কিছুটা সময় লাগতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিগগিরই সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া শেষ হবে। এরপর এনটিআরসিএ এ সিলেবাস তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। সিলেবাস এবং ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি সময়ে প্রকাশ করা হবে।’

কবে নাগাদ ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আমরা আশা করছি আসন্ন ঈদুল আজহার পূর্বেই ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার