বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ধর্মীয় উৎসব শেষে ভারতে গহনা খাতে স্বর্ণের চাহিদা কমেছে। সাত সপ্তাহ পর প্রথমবারের মতো গত সপ্তাহে মূল্যবান ধাতুটি বেচাকেনায় ছাড় দিয়েছে দেশটি। অন্যদিকে দাম কিছুটা কমে যাওয়ায় এশিয়ার অন্যান্য বাজারে স্বর্ণ বেচাকেনা বেড়েছে। এ কারণে চীন, সিঙ্গাপুর ও হংকংয়ে কিছুটা বেড়েছে মূল্যবান ধাতুটির প্রিমিয়াম (মূল্য সংযোজন)। খবর রয়টার্স।
ভারতে স্থানীয় ব্যবসায়ীরা গত সপ্তাহে স্বর্ণ বিক্রি করেছেন সরকারি দরের চেয়ে আউন্সপ্রতি সর্বোচ্চ ১২ ডলার কম দামে। আগের সপ্তাহে তারা আন্তর্জাতিক দামের তুলনায় আউন্সপ্রতি ২৫ ডলার পর্যন্ত বাড়তি মূল্যে বিক্রি করেছিলেন।
মুম্বাইভিত্তিক স্বর্ণ পাইকার চেনাজি নারসিংহজির স্বত্বাধিকারী অশোক জৈন বলেন, ‘স্বর্ণের দামে অস্থিতিশীলতার কারণে চাহিদা কমেছে। অনেকে মুনাফা তুলে নিতে আগের কেনা স্বর্ণমুদ্রা বিক্রি করছেন।’
উল্লেখ্য, ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম বর্তমানে প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ রুপি, যা মাসের শুরুতে রেকর্ড ১ লাখ ৩২ হাজার ২৯৪ রুপিতে পৌঁছেছিল।
এদিকে চীনে বর্তমানে বৈশ্বিক দরের তুলনায় আউন্সপ্রতি ৪ ডলার পর্যন্ত প্রিমিয়ামে বিক্রি করছে। সিঙ্গাপুরে প্রিমিয়াম আউন্সপ্রতি ৩ ডলার ও হংকংয়ে ১ ডলার ৬০ সেন্ট। জাপানে মূল্যবান ধাতুটির প্রিমিয়াম আউন্সপ্রতি ১ ডলার।
সিঙ্গাপুরভিত্তিক মূল্যবান ধাতুর প্রতিষ্ঠান গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘গত সপ্তাহে দাম কমায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণ কেনায় ঝুঁকছেন।’