Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

তৃতীয় টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি, বেবিচক পাবে ২৭ শতাংশ রাজস্ব

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

তৃতীয় টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি, বেবিচক পাবে ২৭ শতাংশ রাজস্ব

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

চুক্তি অনুযায়ী, টার্মিনালের যাত্রী ও কার্গো খাতের রাজস্ব থেকে সর্বোচ্চ ২৭ শতাংশ পাবে বেবিচক।

রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি জানান, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্ধারিত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা চালুর লক্ষ্য রয়েছে।

পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতিও চলছে।

চুক্তি অনুযায়ী, কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনালের নির্ধারিত বা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ-যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। পরিচালনাকারী প্রতিষ্ঠান নিজস্ব ব্যয়ে টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। তবে বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ ও অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে গেলেও বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের নিয়ন্ত্রণে থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষাসহ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।

চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

চেক-ইন, ব্যাগেজ সরবরাহ, পরিচ্ছন্নতা ও প্রযুক্তিগত সেবার মানও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত সেবার মান পূরণে বারবার ব্যর্থ হলে প্রতিটি ঘটনার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে।

প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট এবং ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ রয়েছে। বহুতল পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।

এ ছাড়া নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এসব অবকাঠামো চালু হলে দেশের বিমান পরিবহন ও কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে বলে জানিয়েছে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের তদারকি অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার