বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। নির্ধারিত এই মূল্য আজ শুক্রবার থেকে কার্যকর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। অন্যদিকে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বা আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।