বিজ্ঞাপন
তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
বিজ্ঞাপন
২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা চেপে বসেছে তেলের বাজারে। এর প্রভাবে বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
রয়টার্স বলছে, ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্নের উদ্বেগের মধ্যে এ দরপতন হয়েছে। এর আগে মঙ্গলবার উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
এলএসইজির জ্যেষ্ঠ তেলবিষয়ক গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, ২০২৭ সালে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে।
এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। পাইপলাইনের একটি ভালভ বন্ধ করে দেওয়ার পর সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং তেল সংরক্ষণাগারে প্রবাহিত হতে শুরু করেছে।
তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে পালটাপালটি হামলা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য।
তবে রয়টার্সের জরিপে অংশ নেওয়া আট বিশ্লেষকের ধারণা, ওই সময়ে মজুত গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল বাড়তে পারে।