Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

বিজ্ঞাপন

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। 

সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। এতে এমন তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এই সময় সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।

তবে গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। যদিও এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন তা ছিল মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়।

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।

জুন শেষে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা।

তিন মাস পরে সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকে মোট খেলাপি ঋণের দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, বিদেশি খাতের ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা ও বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে।

এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপী ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

এর পর ঋণ আদায় ও পুনঃতফসিল সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন হওয়ায় ডিসেম্বর প্রান্তিকে মন্দ ঋণের পরিমাণ কমে গিয়েছিল।

ওই প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, আর খেলাপি ঋণের হার দাঁড়ায় ৩০ দশমিক ৬০ শতাংশ।

ডিসেম্বরে কমলেও মার্চ প্রান্তিকে আবার বেড়ে ঋণের স্থিতি দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এ তিন মাসে নতুন ঋণ বাড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার