বিজ্ঞাপন
যেসব কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
বিজ্ঞাপন
দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর জন্য চারটি কারণ শনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে-বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা।
এছাড়াও দেশের পোশাক রপ্তানি মূলত দুটি অঞ্চলে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় কেন্দ্রীভূত হয়ে পড়ায় এই চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ওই দুই অঞ্চলে ইতোমধ্যে পণ্য রপ্তানির চালান কমে গিয়েছে।
রোববার প্রকাশিত তৈরি পোশাক খাত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, পোশাক রপ্তানিতে আগামীতে চ্যালেঞ্জ থাকলেও স্বল্পমেয়াদে এর রপ্তানির প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে পোশাক খাতে মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে সৃষ্ট অস্থিরতার বিষয়ে প্রতিবেদনে কিছুই বলা হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রতিবেদনটি তৈরি করে যখন অনুমোদনের জন্য জমা দেওয়া হয় তখন মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিরতার বিষয়টি ছিল না। যে কারণে এ বিষয়টি প্রতিবেদনে স্থান পায়নি।
প্রতিবেদনে বলা হয়, দেশের পোশাক রপ্তানির বাজার প্রধানত দুটি বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে। এর মধ্যে রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজার। দুটি বাজারেই পোশাক রপ্তানি কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এই দুই অঞ্চলে রপ্তানি কমলেও এর সার্বিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ে।
এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রতিবেদনে ভবিষ্যতে রপ্তানি করার ক্ষেত্রে বৈচিত্র্য আনার সুপারিশ করা হয়েছে। এজন্য নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের হার বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।
এতে আরও বলা হয়, পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধি বজায় রাখা প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি ও তৈরি পোশাক শিল্পের সহনশীলতাকে শক্তিশালী করতে আলোচ্য পদক্ষেপগুলো নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের পোশাক খাতে রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তবে এ শিল্পের কাঁচামাল আমদানি হ্রাস পেয়েছে। এর একটি কারণ হচ্ছে দেশেই এখন কাঁচামালের উৎপাদন বেড়েছে। তবে পোশাক রপ্তানি থেকে কাঁচামাল আমদানি বাদ দিলে যে নিট আয় থাকছে তাতে খুব বেশি উন্নতি হচ্ছে না। গত কয়েক বছর ধরে একই হারে থাকছে। এক হাজার ডলার রপ্তানি আয় হলে ৪০০ ডলার চলে যাচ্ছে কাঁচামাল আমদানি খাতে। নিট রপ্তানি আয় থাকছে ৬০০ ডলারের মতো।
চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে দেশের মোট পোশাক রপ্তানি আয় হয়েছে এক হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ২২১ কোটি ডলার ও কানাডাতে ৩৫ কোটি ডলার। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি ডলার, জার্মানিতে ১১২ কোটি ডলার, ফ্রান্সে ৪৫ কোটি ডলার, স্পেনে ১১৪ কোটি ডলার, ইতালিতে ৩২ কোটি ডলার, নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলার রপ্তানি হয়েছে।