বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে আরও ৬ হাজার ১৮২ টাকা কমেছে প্রতি ভরির দাম। এতে এক বছর পর এই প্রথম সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দরের ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এ দর আজ রোববার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। তবে চলতি নভেম্বর থেকে টানা কমছে দাম। সে ধারায় এবার তা ২ লাখ টাকার নিচে নামল।