বিজ্ঞাপন
ডি-ক্যাটাগরি ইনকোটার্মসে আমদানি,গন্তব্য চার্জ নিয়ে নতুন নির্দেশনা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
বিজ্ঞাপন
ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানির ক্ষেত্রে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিষ্পত্তিতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ নভেম্বর) ডিএপি, ডিপিইউ ও ডিডিপি শর্তে আমদানির ক্ষেত্রে এসব চার্জ পরিশোধ ও অর্থ দেশে ফেরত আনার পদ্ধতি নির্ধারণ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি সরবরাহকারীকে পুরো আমদানি মূল্য পরিশোধ করা হলে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে মনোনীত সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে অর্থ প্রত্যাবাসন করতে হবে।
তবে বিকল্প পদ্ধতিতে বিদেশি সরবরাহকারীকে আমদানি মূল্য থেকে পৃথকভাবে চিহ্নিত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ পাঠানোর সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও সহায়ক দলিলপত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে মনোনীত সুবিধাভোগী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করা যাবে।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি কার্যক্রম শুরুর আগেই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আমদানি চুক্তি যাচাই করতে হবে। চুক্তিতে এফওবি মূল্য, পরিবহন ভাড়া, বিমা এবং প্রযোজ্য সব গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া অর্থ নির্ধারিত সময়ে দেশে ফেরত আনা, সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থের যোগসূত্র নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের দায়িত্বও এডি ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। আমদানি মূল্যের অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট কোনো চার্জই ব্যাংকিং চ্যানেলের বাইরে নিষ্পত্তি করা যাবে না।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ নির্দেশনার ফলে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানি কার্যক্রমে আর্থিক লেনদেনের স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে।