Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

বিজ্ঞাপন

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম।

এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

যেহেতু শুক্রবার শ্রমিকদের ছুটির দিন, তাই প্রতি শুক্রবারেই এই বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত স্থানে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে করে চাল বিক্রি করা হবে।

চাল কেনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে নিদিষ্ট নিয়ম মেনে চলতে হবে শ্রমিকদের। চাল সংগ্রহের সময় প্রত্যেক শ্রমিককে নিজ নিজ কারখানার (গার্মেন্টসের) বৈধ পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করবেন।

সংশ্লিষ্টরা জানান, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করতে এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় সরকার নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান এবং শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বিশেষ এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার