Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণ-রুপার দাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণ-রুপার দাম

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরো জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।

খবর বার্তা সংস্থা রয়টার্স

শুক্রবার (৩০ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৫৬ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৬৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৬৫ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দশমিক ৭ শতাংশ কমেছে।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ‘স্বর্ণের বাজার মূলত দুটি বিষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রথমটি হলো মার্কিন জিডিপির অবস্থা এবং দ্বিতীয়টি তেলের দাম বৃদ্ধি। এর ফলে যা সুদের হার বাড়ানো নিয়ে ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।’

স্তাউনোভো যোগ করেন, ‘আগামী বছর স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। কারণ ফেডকে একসময় আবার সুদের হার কমাতে হবে এবং মূল্যস্ফীতিও তখন আর বড় কোনও সমস্যা হয়ে দাঁড়াবে না।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৪ দশমিক ৫৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ দশমিক ০১ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৮৩ শতাংশ কমে ১ হাজার ৪৩০ দশমিক ৮২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭৮ শতাংশ কমে ৯৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার