Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা ছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলে। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও এটিএম বুথের মাধ্যমে ব্যাংকিং সেবা চালু থাকবে।

অন্যদিকে, টানা পাঁচদিন ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার