Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন, দেশে ভরি কত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন,  দেশে ভরি কত

বিজ্ঞাপন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের দিকেই এগোচ্ছে কোনো প্রকার সুদ বা মুনাফা না দেওয়া এই ধাতু।

শনিবার (৩ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে সোনার দর কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে থিতু হয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বলেন, ‘সোনা ব্যবসায়ীরা আপাতত হয়তো অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না, কারণ তারা জানেন মার্কিন ফেডারেল রিজার্ভ এখনো কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।’

তিনি আরো যোগ করেন, ‘আগামী মাসগুলোতে সোনার মূল্যের ধারা অনেকটাই ফেডের ওপর নির্ভর করবে। মার্কিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর নজর রাখার পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা কতটা সামাল দিতে পারে ফেড, সেটাই এখন দেখার বিষয়।’

গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে সোনার দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। এই সংঘাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ মেয়াদে সুদের হার চড়া থাকবে, এমন আশঙ্কাই এই দরপতনের মূল কারণ।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১,১৬৫.৭৫ ডলারে নেমে এসেছে। তিনটি ধাতু-ই সাপ্তাহিক লোকসানের মুখে রয়েছে।

এদিকে দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার