Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

বিজ্ঞাপন

নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে পারছেন না তারা। 

দিনের পর দিন শাখায় ঘুরেও আমানতের টাকা না পেয়ে শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।

ব্যাংকে থাকা নিজেদের বৈধ অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যর্থ হওয়াকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানিয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করা হয়েছে। রিটটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

রিট আবেদন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর নিজ নিজ শাখায় টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন আমানতকারীরা। তবে শাখা কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই চেকগুলো প্রক্রিয়াজাত ও টাকা দিতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীদের মধ্যে ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ ২ লাখ ২০ হাজার টাকার চেক (নম্বর ৪৮৭১৬৮৪) জমা দিয়ে টাকা না পেয়েই ফিরে আসেন। 

একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখার গ্রাহক নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক (নম্বর NSB-K ৭২৩৬৪৩২) দিয়েও টাকা তুলতে পারেননি।

এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার আমানতকারী লাকি আক্তার এবং মির্জাপুর শাখার মোছা. সাথী বেগমও আমানতের টাকা তুলতে গিয়ে একই ধরনের ভোগান্তির শিকার হন।

ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণের পর আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। তবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও তারা কোনো কার্যকর বা তাৎক্ষণিক পদক্ষেপ পাননি বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এবং দৈনন্দিন জীবনযাত্রা সচল রাখতে নিজেদের সঞ্চয়ের টাকা উত্তোলনের সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হন চার আমানতকারী।

মামলায় ভুক্তভোগীদের পক্ষে মো. শামীম আহমেদকে আমমোক্তার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রিট আবেদনটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফ উল আবেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার