Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, দেশে আজ ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, দেশে আজ ভরি কত?

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় মূল্যস্ফীতি কমার আশা ম্লান হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার আবার বাড়ানোর আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৪ দশমিক ৪২ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৩৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় তেলের দাম দ্রুত বাড়ছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আবারও বেড়েছে, যার প্রভাব স্বর্ণের বাজারেও পড়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দুই দফা হামলা চালানোর পাশাপাশি দেশটির বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করায় টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।

এর জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তেহরান এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে বর্ণনা করেছে।

জিগার ত্রিবেদী আরও বলেন, জুন মাসের মূল্যস্ফীতির তথ্য সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব প্রতিফলিত করেনি। কারণ গত মাসে হওয়া সাময়িক শান্তি কার্যত ভেঙে পড়েছে।

যুক্তরাষ্ট্রে জুন মাসে ভোক্তা ও উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত জ্বালানি পণ্যের দাম কমায় এই প্রবণতা দেখা যায়। তবে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কারণে সেই ইতিবাচক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও আর্থিক বাজার এখনো চলতি বছরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে এখনো ডিসেম্বর মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৩ শতাংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেডের গভর্নর লিসা কুক বুধবার বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত কমতে শুরু না করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। অন্যদিকে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, যদিও ভবিষ্যৎ নীতিগত পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।

এদিন ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান এবং ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনের বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৬৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স

দেশে আজকের স্বর্ণের দাম: ১৬ জুলাই ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে সংগঠনটি। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার