বিজ্ঞাপন
দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম, আজ বড় পতন
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩৯ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামে প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, একই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ১৫ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। মাত্র এক দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। গত বছরও স্বর্ণের বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।