Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

এলপিজির দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি, চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

এলপিজির দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি, চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা

বিজ্ঞাপন

জ্বালানি তেলের পর ১৮ দিনের ব্যবধানে আবারও বেড়েছে এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে চলতি মাসেই দুই দফায় ১২ কেজির এলপিজির দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

রাজধানীর বড় একটি অংশের বাসিন্দা রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। এরই মধ্যে ১৮ দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি।

এর আগে চলতি মাসের ২ তারিখে ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অল্প সময়ের মধ্যে মোট ৫৯৯ টাকা দাম বাড়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর।

ভোক্তারা বলছেন, আগে যেখানে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন তা বেড়ে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় দাঁড়িয়েছে। এতে রান্না করতেই কষ্ট হচ্ছে।

এলপি গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। একজন ব্যবসায়ী বলেন, রুটি-পরোটা আগের মতোই ১০ টাকায় বিক্রি করছি। দাম বাড়াতে গেলে ক্রেতা আরও কমে যাবে। এতে আমাদের ভোগান্তি বাড়বে।

গ্যাস বিক্রেতারাও বলছেন, নতুন দামের প্রভাব বেচাকেনায় পড়বে। একজন বিক্রেতা জানান, আমাদের অবস্থা খুব খারাপ। দোকান ভাড়াও ঠিকমতো দেয়া যাচ্ছে না। নতুন করে দাম বাড়ায় গ্যাস বিক্রি কমে যাবে, কারণ মানুষ বেশি দামে কিনতে পারবে না। এতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৯ টাকা ৭৩ পয়সা বাড়ানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার