বিজ্ঞাপন
বিশ্ববাজারে সোনার দামে টানা ১০ দিনের পতন, দেশে ভরি কত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বাজারে টানা ১০ দিন ধরে কমছে সোনার দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি কমেছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে। মঙ্গলবার সকালে নিউইয়র্কের বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৫২ ডলার ৪৯ সেন্ট বা ১.১৯ শতাংশ কমেছে। ফলে বিশ্ববাজারে এখন সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৪৭ ডলার। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ৮০১ ডলার ৪৭ সেন্ট বা ১৫.৪০ শতাংশ।
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি উত্তেজনা বৃদ্ধির পর থেকে স্পট মার্কেটে সোনার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। জানুয়ারিতে সোনার দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে এখন তা প্রায় ২২ শতাংশ কম। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনা নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হলেও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বাড়ন্ত থাকার প্রত্যাশা জোরালো হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমিয়ে আনায় স্বল্প মেয়াদে সোনার দামে তীব্র ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে দীর্ঘ মেয়াদে মূল্য সংরক্ষণের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার গুরুত্ব আবারও বাড়তে পারে।
এদিকে গতকাল দিনের শুরুতেই সোনার দাম চার মাসের সর্বনিম্ন আউন্স প্রতি ৪ হাজার ৯৮ ডলারে নেমে আসে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানানোর পর দাম আংশিকভাবে স্থিতিশীল হয়। অন্যদিকে, রয়টার্সের খবর অনুযায়ী মার্কিন ডলারের দাম ০.২ শতাংশ বেড়ে ৯৯.৩৮৭-এ উঠেছে, যা অক্টোবর পরবর্তী মাসিক সর্বোচ্চ বৃদ্ধি। ডলার শক্তিশালী হওয়ায় সোনার মূল্যবৃদ্ধি কঠিন হয়ে পড়েছে।
এদিকে ঈদুল ফিতরের আগে দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবশেষ গত ১৯ মার্চ বিকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা কার্যকর হয়েছিল সেদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
বিজ্ঞাপন