বিজ্ঞাপন
সাংবাদিকদের ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়ার হুমকি এনসিপি নেতার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
বিজ্ঞাপন
রাজশাহীর পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের উত্তেজনার মধ্যে সংবাদকর্মীদের ওপর চড়াও হয়েছেন সংগঠনটির মহানগর কমিটির একাংশের দুই নেতা। তাদের একজন সাংবাদিকদের ঘরে আটকে রেখে তালা দিয়ে আগুন জ্বালানোর হুমকি দিয়েছেন। হুমকি দেওয়া এ নেতার নাম শোয়েব। ইতিমধ্যে তার এ হুমকির ভিডিও ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেল সাড়ে চারটার দিকে পর্যটন মোটেলে রাজশাহী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশের অন্তত ৩০ জনের একটি দল পর্যটন মোটেলে উপস্থিত হয়। তারা নতুন কমিটির জেলা আহ্বায়ক সাইফুল আলমকে আওয়ামী লীগপন্থী আখ্যা দিয়ে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা চালায়।
সংবাদ সম্মেলনের মধ্যেই মহানগর কমিটির দুই নেতা সভাকক্ষে ঢুকে সাংবাদিকদের বাইরে চলে যেতে বলেন। সাংবাদিকরা বের না হলে দরজায় তালা মেরে ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। এতে ক্ষোভে ফেটে পড়েন কর্মরত সংবাদকর্মীরা। পরে সাংবাদিকরা একাত্ম হয়ে ওই দুই হুমকিদাতাকে পর্যটন মোটেলের বাইরে বের করে দেন।
এ ঘটনা ঘিরে দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের উত্তপ্ত বাকবিনিময় চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ত্যাগ করলেও এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে থাকেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির কোনো কর্মকাণ্ডের সংবাদ কভার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে শোয়েব নামে একজন ঘটনার জন্য দুঃখ্য প্রকাশ করেছেন। এরপর সেখান থেকে সাংবাদিকরা চলে যায়।
প্রসঙ্গত, শনিবার জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত তালিকায় সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বিজ্ঞাপন