বিজ্ঞাপন
কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
বিজ্ঞাপন
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এ হামলার ঘটনা ঘটে। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় চারজন পুলিশ সদস্য বাসভবন প্রহরার দায়িত্বে ছিলেন।
এ সময় পুলিশ সদস্যরা বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহত ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, রাতে জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এসব নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।