Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

বিজ্ঞাপন

৬ মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণ মানুষের কাছ থেকে ইটের দাদনের প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎকারী মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। পরে সকাল ৯টায় তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আমিন বাজার পুলিশ ক্যাম্পের এসআই জাকির আল আহসানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায়। এ সময় রাজধানীর গুলশান বউ বাজার এলাকার একটি পান-সুপারির দোকান থেকে ছদ্মবেশে থাকা আবু সাঈদকে (৫০) আটক করা হয়। তিনি ওই দোকানের মালিক পরিচয়ে ছদ্মনামে সাত বছর ধরে আত্মগোপনে ছিলেন।

আবু সাঈদ সাভারের আমিন বাজার ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।

এসআই জাকির আল আহসান জানান, আবু সাঈদ একসময় আমিন বাজারের ৪ থেকে ৫টি ইটভাটার মালিক ছিলেন। ওই সময় ইটের দাদন বাবদ মোটা অঙ্কের লভ্যাংশের প্রলোভন দেখিয়ে আমিন বাজার ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। অর্থ আত্মসাতের পর ব্যবসা গুটিয়ে ২০১৯ সাল থেকে আত্মগোপনে চলে যান আবু সাঈদ।

পরবর্তীতে পাওনাদাররা টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ৬টি মামলায় আদালত তাকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেন এবং পর্যায়ক্রমে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।

দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়লেন এই প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা পর্যালোচনা করে শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার