Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে আসামি হলেন ওসিসহ সাতজন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে আসামি হলেন ওসিসহ সাতজন

বিজ্ঞাপন

ডাকাতবিরোধী অভিযান চালাতে গিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাতজন।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের আস্তানায় অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে এ মামলা করা হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সৌদি আরবপ্রবাসী মো. রিয়াদ।

মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়। পরে ওই ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

বাদীর দাবি, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে বলেও দাবি স্থানীয়দের। এর মধ্যে একটি বাড়ির মালিকানা ও পরিচয় নিয়ে এলাকায় বিভ্রান্তি রয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। অন্যদিকে রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে।

অভিযোগের বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান এবং এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী, বোয়ালখালী, বান্দরবান, কক্সবাজার, রামু ও চকরিয়া থানায় খুন, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। তিনি পলাতক আসামি। গত ১০ দিনে চকরিয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওসি আরও বলেন, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা ও কাকারা এলাকায় তৌহিদের একাধিক বাড়ি রয়েছে। চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতংয়ের ওই বাড়িটি তার আস্তানা হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে সময়ে সময়ে অভিযান পরিচালনা করা হয়। ভবনটি তৌহিদের শ্যালক রিয়াদের বলে দাবি করা হলেও জমি ও ভবনটি তৌহিদ এবং তার স্ত্রী রুমা আক্তারের নামে কেনা। ভবন ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। তদন্তকারী সংস্থার তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার