Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

বিজ্ঞাপন

অভাবের সঙ্গে নিত্য লড়াই আর ভাঙাচোরা ভাড়া ঘরে বসবাস করা সত্ত্বেও পরের সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ জাগেনি সুনামগঞ্জ পৌর শহরের দরিদ্র চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের (৩৫)। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ চার ঘণ্টার চেষ্টায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন। তার সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাস্বরূপ আমিরকে পাঁচ হাজার টাকা উপহার দেন সজল তালুকদার।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি খুলে ভেতরে থাকা জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেখতে পান তিনি। এরপরই প্রকৃত মালিকের সন্ধানে নামেন আমির।

স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার জানান, রোববার বিকালে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে স্বর্ণকারের দোকানে যান। ফেরার পথে বাসার সামনে রিকশা থেকে নামার পর খেয়াল করেন, হাতে থাকা ব্যাগটি নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সজল দুই বন্ধুকে নিয়ে সদর থানায় বিষয়টি জানান।

এদিকে সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে রিকশাচালক আবু সাইদের সঙ্গে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে কথা বলছিলেন। তা শুনে আবু সাইদ জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং মালিককে খুঁজছেন। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ব্যাগটির সন্ধান পান তারা।

শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। নিজের কোনো বাড়িঘর নেই। ব্যাগটি পাওয়ার পরের অনুভূতি জানিয়ে আমির উদ্দিন বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। দোকানে তিনবার চুরি হয়েছে বলে সেখানে রাখা নিরাপদ মনে করিনি। পরে ছেলেকে দিয়ে সাবধানে রাখার জন্য ঘরে পাঠাই।’ স্বর্ণালংকারগুলো রেখে না দেওয়ার কারণ জানতে চাইলে তার সহজ-সরল উত্তর, ‘ছোটবেলা থেকে কষ্ট করে চলি। পরের জিনিসে লোভ নেই।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সাধারণ একজন শ্রমজীবী মানুষের এমন সততার প্রশংসা করে বলেন, স্বর্ণালংকার হারানোর অভিযোগ পাওয়ার পর পুলিশও সন্ধানে কাজ করছিল। পরে আমির উদ্দিনের সততায় ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার