বিজ্ঞাপন
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, যা জানালেন বাবা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
বিজ্ঞাপন
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন তার বাবা-মা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম।
পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পাশাপাশি বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম বলেন, রাত ৩টার পর হঠাৎ ঘরের দরজার সামনে ও দেয়ালের পাশে বিকট শব্দ শুনতে পান তারা। ঘুম থেকে উঠে চারপাশে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন।
তবে এসব কর্মকাণ্ড তাদের আন্দোলন ও লড়াইকে দমাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, রাত ৩টার পর অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়েছে পুলিশ।