বিজ্ঞাপন
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের চিঠি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
বিজ্ঞাপন
‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’—এমন আবেগঘন প্রার্থনা লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় সাদা কাগজে হাতে লেখা চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে নাম-পরিচয় প্রকাশ না করে এক ব্যক্তি তার প্রিয় মানুষ স্বর্ণাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে স্বর্ণার মনে নিজের জন্য জায়গা করে দেওয়ার আকুতি জানিয়েছেন তিনি।
ছোট্ট এই চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসা, গভীর আবেগ আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই পাওয়া যায় এমন ব্যক্তিগত অনুভূতি ও প্রার্থনামূলক চিঠি।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই নানা মানত, নিয়ত ও মনোবাসনা নিয়ে মানুষ দান করতে আসেন। কেউ আসেন আর্থিক সংকট দূর হওয়ার আশায়, কেউবা ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পূরণের প্রার্থনা নিয়ে। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মসজিদটিতে নামাজ আদায় ও দান করতে আসেন।