Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, গণনায় ৫ শতাধিক মানুষ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, গণনায় ৫ শতাধিক মানুষ

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে দানের অর্থ গণনার কাজ শুরু হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর বাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলবে গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।

গণনার কাজে যুক্ত রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে অংশ নিচ্ছেন।

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে বিভিন্ন কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার