Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু

বিজ্ঞাপন

চট্টগ্রামের মিরসরাইয়ে দুবাই থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন মো. এনামুল হক (৫৮) নামে এক প্রবাসী। শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিকাশ হালদার।

নিহত এনামুল হক উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি প্রতিষ্ঠানে সেলাইয়ের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি। ২০২৩ সালের শেষ দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সেখানে অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন তিনি।

দীর্ঘ প্রবাসজীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনামুল হক। পরে সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন। বাড়িতে আসার পর দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চাচা শুক্রবার সকালে দেশে ফেরেন। চাচা ও চাচাতো ভাই বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চট্টগ্রামে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার তিন কন্যাসন্তান রয়েছে।

বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিকাশ হালদার জানান, দুপুর ১২টার দিকে এনামুল হককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। তার ধারণা, ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার