Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা দাবি, ৩ প্রতারক আটক

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা দাবি, ৩ প্রতারক আটক

বিজ্ঞাপন

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে নিয়োগপ্রার্থীর পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইনের প্রধান ফটকের বাইরে থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬-এর কার্যক্রম চলছিল।

পুলিশ জানায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে কয়েকজন ব্যক্তি পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন। বিষয়টি জানতে পেরে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।

জামালপুরের পুলিশ সুপার ফারাহানা ইয়াসমিন বলেন, পুলিশে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে প্রতারকদের কথায় বিশ্বাস না করে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া কিংবা চাকরি পাওয়ার আশায় কাউকে টাকা দেওয়া, উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিয়োগপ্রার্থীদের কোনো ব্যক্তি বা দালালের প্রলোভনে না পড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার