Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আটক ৩, নিজেদের ছাত্রদল কর্মী দাবি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আটক ৩, নিজেদের ছাত্রদল কর্মী দাবি

বিজ্ঞাপন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ১ম গেটে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে।

এদিকে আটক হওয়ার পর ওই ব্যক্তিরা নিজেদের ছাত্রদলের কর্মী দাবি করেন। তবে তাদের দাবি তথা সাংগঠনিক পরিচয়ের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে তাদের পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে দুটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলের কোনোটিতেই নম্বরপ্লেট ছিল না।

আটক ব্যক্তিরা হলেন— টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাদের কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন।

এদিকে আটকের পর অভিযুক্তরা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দেন। এ সময় তাদের একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি পাওয়া যায়।

বিষয়টি যাচাই করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু মুঠোফোনে আহমেদ আযম খানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আটক ব্যক্তিদের কাউকে চেনেন না এবং তাদের দলের কোনো পদ-পদবি নেই বলে জানান।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্লোগান দেয়ার কথা স্বীকার করলেও কী উদ্দেশ্যে বা কার নির্দেশে ক্যাম্পাসে এসেছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, আমরা তাদের এনআইডিসহ সকল ধরনের তথ্য রেখেছি এবং তদন্তের জন্য তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আপাতত মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার