বিজ্ঞাপন
বিমানবন্দরে উদ্ধার বস্তু দুটি ‘ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড’
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
বিজ্ঞাপন
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া দুটি বস্তু ‘ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড’ বলে জানিয়েছে এসআরবি। প্রাথমিকভাবে এগুলো মিয়ানমারে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করার পর ধ্বংস করা হয়।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, ‘এগুলো ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড। বিস্ফোরণের সময় আশপাশে প্রচণ্ড চাপের পাশাপাশি ধাতব টুকরো বা স্প্লিন্টার ছড়িয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের তৈরি। তবে পুরোনো হওয়ায় লেখাগুলো মুছে গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।’
এদিকে গ্রেনেড উদ্ধারের সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর বগুড়া যাওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর দুটি গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে।
এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বিষয়টি জানিয়ে পেছনের গেট দিয়ে বের করে নেন। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া বস্তু দুটি পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে পুলিশ ও এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তিন ফুট গভীর গর্ত করে বালু দিয়ে ঢেকে গ্রেনেড দুটি ধ্বংস করেন। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেনেড দুটি বিধ্বংসী ও শক্তিশালী ধরনের। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ধরনের গ্রেনেড ব্যবহার করে না বলে তাঁদের ধারণা। প্রাথমিকভাবে এগুলো মিয়ানমারে তৈরি বলে মনে করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের চোখ ফাঁকি দিয়ে কারা গ্রেনেড দুটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের প্রধান উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।
নগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আপাতত এগুলোকে গ্রেনেডসদৃশ বস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। কারা এগুলো সেখানে রেখে গেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।