Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

বিজ্ঞাপন

কুষ্টিয়া শহরে এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বখাটে ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। 

জানা গেছে, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিং এ পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে পরিচয় হয় তার। এরপর থেকে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল বখাটে ইমন বলে পরিবারের দাবি। 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী বখাটে যুবককে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ জোরালোভাবে কাজ শুরু করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার