Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ব্যস্ত সড়কে যুবককে লক্ষ্য করে ৫ অস্ত্রধারীর মুহুর্মুহু গুলি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ব্যস্ত সড়কে যুবককে লক্ষ্য করে ৫ অস্ত্রধারীর মুহুর্মুহু গুলি

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরের ব্যস্ত সড়কে এক যুবককে ঘিরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে পাঁচ অস্ত্রধারী। প্রাণ বাঁচাতে পাশের একটি ভবনে আশ্রয় নিয়েও রক্ষা পাননি ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম। অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে অন্তত ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ইমতিয়াজসহ আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুরাদপুর এলাকায় একটি দোকানের সামনে বেঞ্চে বসে ছিলেন ইমতিয়াজ। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের পূর্ব দিক থেকে অস্ত্র হাতে পাঁচ যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষায় ইমতিয়াজ পাশের একটি চারতলা ভবনের দোতলায় আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ভবনটি ঘিরে সেখানেও গুলি চালান।

একপর্যায়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের ছোড়া গুলিতে ভবনের দরজা ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। একটি মুঠোফোনের দোকানের লোহার দরজায়ও গুলির চিহ্ন পাওয়া গেছে।

ভবনটির এক বাসিন্দা জানান, গুলির শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় রক্তাক্ত অবস্থায় ইমতিয়াজ তাদের বাসায় আশ্রয় নেন। তখন বাসায় থাকা এক মসজিদের মুয়াজ্জিনের কানের পাশ দিয়ে জানালার কাচ ভেঙে একটি গুলি চলে যায়। এতে তার কানে আঘাত লাগে।

পুলিশ জানায়, ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে দুই মাস আগে জামিনে মুক্তি পান।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।

এ দিকে ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার অভিযোগ করেছেন, বড় সাজ্জাদের নির্দেশে তার অনুসারীরা স্বামীর ওপর এ হামলা চালিয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

রুমা আক্তার জানান, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এরপর হুমকির ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন তারা। তার অভিযোগ, মামলা করার পর থেকে সাজ্জাদ ও তার অনুসারীরা বিভিন্ন সময়ে তাদের হুমকি দিয়ে আসছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় নিরাপত্তা পাননি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইমতিয়াজের স্ত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার