বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা চডারমাথা মৎস্যঘাটের শাহাবুদ্দীন ফরাজির আড়তে মাছটির উন্মুক্ত নিলাম হয়। এতে অংশগ্রহণ করেন ৫-৭ জন ক্রেতা। পরে নিলামে সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জামাল কোম্পানি।
জানা যায়, মাছ ধরতে শনিবার ভোরে ৩ জন ভাগী নিয়ে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে হানিফ মাঝি। একপর্যায়ে জাল টেনে তোলার সময় অন্যান্য মাছ ছাড়াও বড় আকারের কাতল মাছটি তার জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য নদীতীরবর্তী ঘাটে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জেলে হানিফ মাঝি বলেন, গত ২৯ অক্টোবর নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ পাইনি। তবে আজ ভোরে নদীতে আমার জালে ১৭ কেজি ৭০০ গ্রামের কাতল মাছটি ধরা পড়েছে। বিক্রি করেছি, এতে আমি খুশি।
আড়তদার শাহাবুদ্দীন ফরাজি বলেন, বড় একটি কাতল মাছ আমার গদিতে উঠেছে—এমন খবরে মানুষের ভিড় পড়ে যায়। পরে উন্মুক্ত নিলামে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে গত ২৯ অক্টোবর ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ায় জেলেদের জালে বড় বড় ইলিশ, পাঙাশ ও কাতলসহ অন্যান্য মাছ ধরা পড়ছে জানিয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, আশা করি, সামনের দিনগুলোতে আরও বেশি পরিমাণে বড় মাছ পাবেন জেলেরা।