বিজ্ঞাপন
চুয়াডাঙ্গায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল কতিপয় ছাত্রী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। পরে জেলা প্রশাসকের নির্দেশে দেয়ালের লেখাগুলো মুছে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোমলমতি এসব ছাত্রীরা আওয়ামী পরিবারের সন্তান। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এটা করানো। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নিষিদ্ধ সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন জ্যাকি সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এই পোস্টটি তাদের ফেইসবুক আইডিতে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং বিভিন্ন মন্তব্য করেছে।