Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

স্কুলের তালা ভেঙে নৃত্য, ভিডিও ভাইরাল ঘিরে তোলপাড়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

স্কুলের তালা ভেঙে নৃত্য, ভিডিও ভাইরাল ঘিরে তোলপাড়

বিজ্ঞাপন

বরগুনার তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ করে কক্ষের তালা ভেঙে রাতভর নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত রবিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যালয়ের ভেতরে দুই নারীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এ সময় স্থানীয় কয়েকজন পুরুষকেও সেখানে অংশ নিতে দেখা গেছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন আয়োজনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিদ্যালয়ের পাশেই রাতে পিকনিকের আয়োজন করেন ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযোগ রয়েছে, রাতে বৃষ্টি শুরু হলে আয়োজক কমিটির কয়েকজন বিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে একটি কক্ষের তালা ভেঙে সেখানে অবস্থান নেন। এরপর পার্শ্ববর্তী আমতলী উপজেলা থেকে দুই নারীকে নিয়ে এসে সেখানে নৃত্য পরিবেশন করানো হয়।

ভিডিওতে দেখা যাওয়া ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফুটবল খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি নামলে আমরা স্কুলের ভেতরে যাই। সেখানে দুই-একটি নাচ হয়েছে এবং পরে আমরা চলে আসি। ভিডিওতে আমাকে দেখা গেলেও স্থানীয় লোকজন আমাকে টেনে তুলেছিল। কে বা কারা ভিডিও করেছে, তা আমি জানি না। নাচতে আসা দুই নারী এই এলাকার নন, তাঁদের আমতলী থেকে আনা হয়েছিল।

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, গত শুক্রবার তারা এ অনুষ্ঠান করেছে, যা আমি পরে জানতে পেরেছি। আমাকে কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের দেয়াল টপকে ও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে কক্ষের তালা ভেঙে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রধান শিক্ষককে তলব করেছি। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা স্পষ্টতই স্কুলের ভেতরের। এমন অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ অন্যায়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার স্বার্থে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার