বিজ্ঞাপন
প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসী ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান নামে কৃষকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াদ হাসান রায়পুর পৌর কৃষকদলের সভাপতি পদপ্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ওই ভবনে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ও তার স্ত্রী মিলি আক্তারকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরদিন সবুজ বাদী হয়ে রায়পুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন-দেনায়েতপুর এলাকার মিজানুর রহমান সর্দার, দেনায়েতপুরের ইউছুফ আলী, কেরোয়ার মাছুম বিল্লাহ ও দেনায়েতপুরের মো. রহিম।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থলের বাসায় প্রবাসী সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন উপলক্ষে দাওয়াত পেয়ে মিলি ওই বাসায় যান।
এ সময় অভিযুক্ত ব্যক্তিরা হঠাৎ বাসায় প্রবেশ করে মিলির সঙ্গে অসদাচরণ করেন এবং ঘরের মালামাল তছনছ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সাথী আক্তারের প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
এ সময় বাধা দিতে গেলে মিলি আক্তারকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন বাদী। পরে মিলির মাকে ফোন করে তাঁর মেয়েকে এক ছেলের সঙ্গে আটকে রাখার কথা জানানো হয়।
পরিস্থিতির খবর পেয়ে প্রবাসী সবুজ বাসায় এসে স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় তাঁর মানিব্যাগ থেকে প্রায় ২৫ হাজার টাকা ও ব্যাংক কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে দম্পতির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে-এমন অভিযোগ তুলে তাদের একটি কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
সবুজ তাদের বিয়ের ছবি দেখালে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পাশাপাশি আইনি পদক্ষেপ না নেওয়ার জন্যও হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিয়াদ হাসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসী দম্পতিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান নামে একজনকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।