বিজ্ঞাপন
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
বিজ্ঞাপন
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশকে আটক করেছে খুলশী থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাদের আটক করা হয়।
ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রি করার সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগী আটক হয়েছেন।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ বাকিদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ওই কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।