বিজ্ঞাপন
রাতে গ্রাহকের বাড়িতে হাজির পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম
বিজ্ঞাপন
নোয়াখালীর চাটখিল উপজেলায় সাধারণ একটি আবাসিক গ্রাহকের ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল আসার ঘটনাটির দ্রুত সমাধান হয়েছে। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
ঘটনার দিন রাতেই বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি পৌঁছে দেন এবং গ্রাহকও তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করেন।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান, এজিএম রাহাত ও মিটার রিডার জামাল উদ্দিন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে উপস্থিত হন।
সেখানে তারা ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিলটি সংশোধন করে ১ হাজার ১৮২ টাকার নতুন বিল গ্রাহকের হাতে তুলে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, যে মিটারে এই ভুতুড়ে বিল পাঠানো হয়েছিল, সেটি ওই বাড়ির প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত। বর্তমানে মিটারটি ব্যবহার করছেন তার নাতি শহীদুল ইসলাম (রনি)।
সংশোধিত বিল পেয়ে সন্তোষ প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন, আমাদের বিদ্যুৎ বিলেই মূলত ভুলটি করা হয়েছিল। রাতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সরাসরি এসে সঠিক বিলের কপি দিয়ে গেছেন এবং আমি সঙ্গে সঙ্গে ১ হাজার ১৮২ টাকা পরিশোধ করেছি। যিনি বিল তৈরি করেছেন, তিনি ভুলবশত এটি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য সব সাংবাদিকের প্রতি আমি কৃতজ্ঞ।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জুনায়েদুর রহমান বলেন, আমি নিজে গিয়ে রাতেই সংশোধিত বিলটি দিয়ে এসেছি এবং গ্রাহকও বিলটি পরিশোধ করেছেন। মূলত টাইপিং ভুলের কারণে এমনটি হয়েছিল।