Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম

দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি

বিজ্ঞাপন

নেত্রকোনার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী এক ব্যক্তির বাড়ির ঠিকানা জানতে চাওয়ার পর সুজন পাল (৩৩) নামের এক যুবককে গুলি করেছে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুজন পালের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামে। তার বাবার নাম জিতেন্দ্র পাল। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে মাইলোড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

সুজনের প্রতিবেশীরা জানান, ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বাসার কাছের পুকুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা মুখোশধারীরা তাকে গুলি করে দ্রুত সেখান থেকে চলে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুজনের স্ত্রী টুম্পা পালের ভাষ্য অনুযায়ী, সড়কে যাওয়ার পর দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ি কোথায়, তা জানতে চান। এ সময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন পালানোর চেষ্টা করেন। তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। হামলার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার