বিজ্ঞাপন
রাজবাড়ীতে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
বিজ্ঞাপন
রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় করে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার বুকের বাঁ পাশে গুলির আঘাত ছিল বলে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।