বিজ্ঞাপন
গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই বন্ধু আহত
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোবাইলে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রুবেল হোসেন ও সাকিল আহমেদ নামে দুই বন্ধু আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খেঁজুরতলা এলাকায় একটি বিলের পাশে এ ঘটনা ঘটে।
আহত রুবেল সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের কবির হোসেনের ছেলে ও সাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে। এদের মধ্যে চোখে আঘাত পাওয়ায় রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপর আহত সাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, রুবেল ও সাকিল প্রতিবেশী। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ঘটনার সময় তারা বিলের পাশে বসে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ বিকট শব্দে মোবাইলটি বিস্ফোরণ ঘটে। এতে তারা দুইজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয়দের ধারণা- গেম খেলার সময় মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ জানান, আহত রুবেলের একটি চোখের অবস্থা ভালো না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির সাকিব বলেন, খেঁজুরতলা এলাকায় বিলের পাশে বসে দুই বন্ধু মোবাইলে গেম খেলছিল। হঠাৎ করে মোবাইলটি বিস্ফোরণ হয়ে দুইজন আহত হন।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউছুফ জালাল কিসমত বলেন, ঘটনাটি শুনেছি। তবে কি মোবাইল বা কেন ঘটনাটি ঘটেছে তা জানা নেই।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি৷ কিন্তু কেউ আমাদের কিছু জানায়নি। আর বিস্তারিতও জানা নেই।